লখনউ, ২৬ আগস্ট : হিজাব বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে বহুজন সমাজ পার্টি-র জাতীয় সভাপতি মায়াবতী বলেছেন, এই ধরনের বিষয়কে বড় করে আইনি বিতর্কে না জড়িয়ে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের সহায়তায় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। হিজাব বিতর্ককে কেন্দ্র করে কোনওভাবেই ‘সংকীর্ণ রাজনীতি’ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি দীর্ঘ পোস্টে মায়াবতী লেখেন, ড. ভীমরাও আম্বেদকর জাতি ও ধর্ম নির্বিশেষে সকলকে সমান অধিকার দিয়ে সংবিধানের মাধ্যমে দেশকে ঐক্যের সূত্রে বেঁধেছিলেন এবং শক্তিশালী ভারত গঠনের ভিত্তি তৈরি করেছিলেন। সংবিধান অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষ তাঁদের ধর্মগ্রন্থ, ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাস অনুযায়ী শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার রাখেন। তাই সেই অধিকারকে উপেক্ষা বা তার মধ্যে হস্তক্ষেপ না করে সকলেরই ধর্মীয় বিশ্বাসের পবিত্রতাকে সম্মান করা উচিত।
তিনি আরও বলেন, নারীর মর্যাদা, সম্মান এবং পর্দার মতো বিষয়গুলি সংবেদনশীলতার সঙ্গে দেখা প্রয়োজন। তাঁর মতে, স্কুলের ইউনিফর্ম, চাদর বা হিজাবের মতো বিষয়কে অযথা বড় করে আদালতে আইনি বিতর্কের বিষয় না বানিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পারস্পরিক বোঝাপড়া ও বিচক্ষণতার মাধ্যমে সমাধান করা উচিত। এর ফলে এই ধরনের বিষয়কে কেন্দ্র করে কেউ সংকীর্ণ রাজনীতি করার সুযোগ পাবে না।
মায়াবতী বলেন, বসপা এমন একটি আম্বেদকরবাদী দল, যা প্রতিটি সমাজের নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তায় বিশ্বাসী। ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মীয় রীতি ও বিশ্বাসের মতো সংবেদনশীল বিষয়ে সকলেরই মন্তব্য করা থেকে বিরত থাকা দেশ ও জনস্বার্থে মঙ্গলজনক হবে। পাশাপাশি বদায়ুঁতে আম্বেদকরের মূর্তি নিয়ে চলা বিতর্কও দ্রুত মিটিয়ে ফেলার দাবি জানান তিনি।



