বেতিয়া, ২৬ আগস্ট : প্রতিবেশী দেশ নেপালে ভয়াবহ বন্যার জেরে বাড়তে শুরু করেছে বিহারের গণ্ডক নদীর জলস্তর। পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিম চম্পারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি নদীর দিয়ারা ও তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বুধবার পশ্চিম চম্পারণের জেলাশাসক জানিয়েছেন, নেপালের বন্যার জল ইতিমধ্যেই বাল্মীকিনগর ব্যারাজে পৌঁছেছে। এর ফলে গণ্ডক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। সম্ভাব্য বন্যার পরিস্থিতি মোকাবিলায় দিয়ারা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন নিয়মিত নজর রাখছে। জলসম্পদ দফতরের ইঞ্জিনিয়ার ও কর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বে মোতায়েন করা হয়েছে। তটবন্ধগুলির পরিস্থিতি এবং নদীর জলস্তরের ওপরও নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





