চণ্ডীগড়, ২৪ আগস্ট (হি.স.): চণ্ডীগড়ের সেক্টর-৪৩ বাসস্ট্যান্ডের কাছে আইইডি-সহ টিফিন বোমা উদ্ধারের ঘটনায় বব্বর খালসার তিন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন পঞ্জাবের তরনতারন জেলার এবং একজন অমৃতসরের বাসিন্দা। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে , তিনজনই পাকিস্তানে থাকা খালিস্তানি জঙ্গি সতনাম সত্তা ওরফে নও শেরার সঙ্গে যোগাযোগ রাখত। তার নির্দেশেই চণ্ডীগড়ে বড়সড় নাশকতার প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
রবিবার আইএসবিটি-৪৩-এর পিছনে জঙ্গল এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি আইইডি-যুক্ত টিফিন বোমা উদ্ধার করে পুলিশ। এরপর রাতভর তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি জিলেটিন স্টিক, একটি ডেটোনেটর, পাওয়ার সোর্স, রিমোট কন্ট্রোল সিস্টেম, একটি পিস্তল, ম্যাগাজিন এবং পাঁচটি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের আশঙ্কা, চণ্ডীগড়ের কোনও গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিশানা করার পরিকল্পনা ছিল।
ধৃতরা হল তরনতারনের সরহালি গ্রামের ১৯ বছরের লভপ্রীত সিং, দেববাথ গ্রামের ২১ বছরের জশনপ্রীত সিং ওরফে জশনদীপ এবং অমৃতসরের তরসিক্কা গ্রামের ১৯ বছরের প্রভপ্রীত সিং ওরফে প্রভ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের সঙ্গে বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর যোগসূত্র রয়েছে।
অপারেশন সেলের তদন্তকারীরা প্রথমে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে আইইডি সম্পর্কে তথ্য পাওয়ার পর জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী ফরেন্সিক পরীক্ষার জন্য এফএসএলে পাঠানো হয়েছে। ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




