কলকাতা, ২৪ আগস্ট (হি. স.): রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়ে পর্যটকদের হয়রানি ও নানা সমস্যার অভিযোগ দীর্ঘদিনের। অচেনা-অজানা জায়গায় গিয়ে নগদ টাকা বা মোবাইল চুরি থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়তে হয় পর্যটকদের। এই পরিস্থিতির মোকাবিলায় এবার প্রতিটি জেলায় পৃথক ট্যুরিস্ট হেল্পলাইন চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য পর্যটন দফতর।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, প্রতিটি জেলায় ২৪ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইন। তিনটি শিফটে তিনজন করে ডেডিকেটেড অফিসার পরিষেবা দেবেন। পর্যটকদের অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যেই কয়েকটি এলাকায় এই ধরনের হেল্পলাইন চালু করে সুফল মিলেছে বলে জানান মন্ত্রী। পর্যটকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সেই অভিজ্ঞতাকেই এবার রাজ্যের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে পর্যটকদের নিরাপদ ও স্বচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




