নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর ২০২৫ সালের পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগের স্বাধীন সিবিআই তদন্তের দাবিতে ঝাড়খণ্ড সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, জেপিএসসিই বিচারবিভাগীয় পরিষেবার পরীক্ষাও নেয়। তাই বিষয়টি নিয়ে আদালতের উদ্বেগ রয়েছে।
সমাজকর্মী হরিশরণ দেওগন এই মামলা দায়ের করে জেপিএসসি-২০২৫ পরীক্ষায় কথিত অনিয়মের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। আইনজীবী সত্যম সিং রাজপুতের মাধ্যমে দায়ের করা আবেদনে বলা হয়েছে, বর্তমানে ঝাড়খণ্ড সিআইডি যে তদন্ত করছে, তা সরিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-র হাতে দেওয়া হোক। রাজ্য সরকারের প্রভাবমুক্ত কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের আস্থা বজায় থাকে।
গত ১৯ এপ্রিল জেপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তার ফল প্রকাশিত হয় ২ জুলাই। ফল প্রকাশের পর এক পরীক্ষার্থীর ওএমআর শিটের ছবি ভাইরাল হয়। অভিযোগ, ওই পরীক্ষার্থী ১০০টি প্রশ্নের মধ্যে মাত্র ৪৮টির উত্তর দেওয়ার চেষ্টা করেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এই ঘটনায় পরীক্ষা পরিচালনার দায়িত্ব টিএসডিপিএল-কে দেওয়ার বিষয়েও জেপিএসসি সমালোচনার মুখে পড়ে। অভিযোগ, পরীক্ষার কয়েক মাস আগেই অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল।
মামলাটিতে এখন ঝাড়খণ্ড সরকারের জবাব চেয়েছে শীর্ষ আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




