নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রবীণ নেতা প্রয়াত অরুণ জেটলির মৃত্যুবার্ষিকীতে সোমবার শ্রদ্ধা নিবেদন করেছেন একাধিক রাজনৈতিক নেতা।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এদিন অরুণ জেটলিকে স্মরণ করে বলেন, তাঁর ব্যক্তিত্বে অসাধারণ প্রতিভা, দূরদর্শিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতিফলন ঘটেছিল। তিনি আরও বলেন, জেটলি তাঁর চিত্তাকর্ষক বক্তৃতা, গভীর রাজনৈতিক প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে দেশের কাজ করে গেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অরুণ জেটলি ছিলেন একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, অসাধারণ বক্তা ও দক্ষ প্রশাসক। তিনি কার্যকরী যোগাযোগের মাধ্যমে সরকারের নীতিসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অমিত শাহ জানান, অরুণ জেটলি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর অবিস্মরণীয় কীর্তি ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করে যাবে।
বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, অরুণ জেটলি বহু মানুষের বন্ধু ও পথপ্রদর্শক ছিলেন। তাঁর বিচক্ষণতা, স্নেহ এবং জনসেবার প্রতি সমর্পণ আজও মানুষকে অনুপ্রেরণা যোগায়।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সংবিধান ও আইনের মতো বিষয়ে অভিজ্ঞ অরুণজি ছিলেন একজন দক্ষ প্রশাসক ও সফল সাংসদ। রাজনৈতিক ও নীতিগত বিষয়ে তাঁর গভীর জ্ঞান, দূরদর্শিতা এবং যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি সর্বদা প্রেরণাদায়ক হয়ে থাকবে। জাতীয় স্বার্থের প্রতি তাঁর নিষ্ঠা এবং জনজীবনে তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করা, জিএসটির মতো ঐতিহাসিক সংস্কার বাস্তবায়ন এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অরুণ জেটলির অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ





