কলকাতা, ২৩ আগস্ট (হি স)। টালিগঞ্জের ‘বেআইনি’ নির্মাণ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। এখনই ওই নির্মাণ ভাঙতে পারবে না বলে জানিয়েছে আদালত।
রবিবার বিচারপতি রাজা বসুচৌধুরীর নির্দেশ, ৩০ দিনের জন্য ভাঙার নোটিস কার্যকর করা যাবে না। সেখানে ভাঙার কাজ করতে পারবে না কলকাতা পুরসভা। এই সময়ের মধ্যে মামলাকারী আইনের দ্বারস্থ হতে পারবেন।
টালিগঞ্জের ৫১/১এ এবং ৫১/১বি, সতীশ মুখার্জি রোডে ‘বেআইনি’ নির্মাণের অভিযোগ ওঠে। ওই নির্মাণ ভাঙতে তৎপর হয় পুরসভা।
রবিবার সেটি ভাঙতে এলাকায় বুলডোজার নামানো হয়। সেখানে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে বাসিন্দাদের মধ্যে চলে বচসা।
হাই কোর্টের পর্যবেক্ষণ, ভাঙার নোটিসের উপর ৩০ দিনের সময় দেওয়া উচিত ছিল পুরসভার। গত সপ্তাহে নির্মাণ ভাঙার উপর নোটিস দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে কোনও সুযোগ না দিয়ে মাত্র তিন দিনের মাথায় কোনও নির্মাণ ভাঙা আইনের চোখে শোভন নয়।
রবিবার বিচারপতি বসুচৌধুরীর বিশেষ বেঞ্চ জানায়, ওই নির্মাণ ‘বেআইনি’ কি না, সে বিষয়ে কোর্ট কোনও মন্তব্য করবে না। কিন্তু কোনও ব্যক্তিকে আইনি সুযোগ দেওয়া উচিত। গত শুক্রবার পুরসভার তরফে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাঙার যে নোটিস দিয়েছিলেন আদালত তা খারিজ করে দেয়।




