আসানসোল, ২৩ আগস্ট : অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসরে আমন্ত্রিত হয়ে গিয়ে হামলার মুখে পড়লেন আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। তাঁকে দেখেই এলাকার একাংশ ক্ষুব্ধ হয় বলে অভিযোগ। উত্তেজনা ছড়ায়| রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন শিবমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, সঞ্জয় নোনিয়া ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ঘটনায় তাঁর গাড়ির চালক-সহ কয়েকজন আয়োজক আহত হন।
আক্রান্ত সঞ্জয় নোনিয়ার দাবি, হামলায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে হবে।আয়োজকদের দাবি, প্রায় ৩০ বছর ধরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলর রোহিত নোনিয়া। পরবর্তীতে তাঁর ছেলে সঞ্জয় নোনিয়াও নিয়মিত অনুষ্ঠানে যোগ দিতেন। পুলিশ জানিয়েছে, বাবা-ছেলেকে ঘিরে এলাকায় বারবার অশান্তি হচ্ছে। তাঁদের আমন্ত্রণ জানানোর আগে পুলিশকে জানানো উচিত ছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংকীর্তন চলাকালীন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।





