বীরভূম, ২৪ আগস্ট (হি.স.): গভীর রাতে এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রেখে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার বড়া সাওতা অঞ্চলের তিলুটিয়া গ্রামে।
সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে নানুর ১ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদকের বাড়ির সামনের রাস্তায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে এলাকায় বিজেপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সকালে ওই বিজেপি নেতা দেখতে পান, তাঁর বাড়ির সামনের রাস্তায় রাখা রয়েছে সাদা থান-সহ অন্ত্যেষ্টিক্রিয়ার নানা সামগ্রী এবং একটি হুমকি চিঠি।
এদিকে, সোমবারে ভোরে গ্রামে মাছ ধরতে আসা একটি ছোট মালবাহী গাড়ির চাকার চাপে রাস্তায় পড়ে থাকা একটি বোমা ফেটে যায়। এই বিস্ফোরণে গাড়িতে থাকা এক ব্যক্তি আহত হন।
ওই বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




