কলকাতা : পশ্চিমবঙ্গে মহিলা ও শিশু উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার কলকাতায় পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। বৃহস্পতিবার বৈঠকে মিশন শক্তি, মিশন বাৎসল্য, সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০-সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়।
এদিন বৈঠকের পর অন্নপূর্ণা বলেন, রাজ্যে মহিলা ও শিশু উন্নয়নের বিভিন্ন প্রকল্পকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বরে পোষণ মাসে মাসজুড়ে বিষয়ভিত্তিক কর্মসূচি ও জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গ্রামীণ এলাকার মানুষকে সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রকল্পগুলির বিস্তারিত তথ্যও তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।
শিশুদের পরিপূরক পুষ্টির উপর জোর দিয়ে মন্ত্রী স্থানীয় খাদ্যাভ্যাস ও মিলেটের ব্যবহার বাড়ানোর কথা বলেন। সক্ষম ভাটিকার আওতায় শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে সবজি বাগান গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি।





