মালদা, ২১ আগস্ট (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) এবং শহীল শেখ (২০)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। ওই সময় সন্দেহজনক চারচাকা গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে মাদক উদ্ধার হওয়ার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং এর নেপথ্যে মূল মাথা কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দাবি, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে। চক্রের সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





