কলকাতা : অপারেশন সিঁদুর ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রব্যবস্থার শক্তি বিশ্বের সামনে তুলে ধরেছে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আত্মনির্ভরতা কেবল একটি নীতিই নয়, বরং এটি যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলার একটি চালিকাশক্তি। জিআরএসই এবং ওয়াইআইএল-এর মতো প্রতিষ্ঠানগুলো এই সক্ষমতাকে আরও জোরদার করে তুলছে।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে পাঁচ নতুন প্রকল্পের ভূমিপুজো হয় রবিবার। ৩৪০০ কোটি টাকার যে পাঁচ প্রকল্পের ভূমিপুজো হয়েছে, সেগুলি হলো— রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। রাজনাথ বলেন, ‘এই প্রকল্পগুলি ভারতের ভবিষ্যৎ সংকল্পকে আরও শক্তিশালী করবে। পাঁচটি প্রকল্পই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’ প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠুক। এই প্রকল্পগুলির মাধ্যমে প্রধানমন্ত্রীর সেই স্বপ্নেরই বাস্তবায়ন হচ্ছে। রাজনাথ জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর সংকল্প, সেই সঙ্গে আধুনিক পরিকাঠামো ও ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ সক্ষমতা ভারতকে একটি বিশ্বমানের সামুদ্রিক শক্তিতে রূপান্তরিত করছে। আমাদের লক্ষ্য হলো ভারতকে জাহাজ নির্মাণের একটি বিশ্বকেন্দ্রে পরিণত করা—যেখানে ভারত জাহাজ তৈরি করবে এবং বিশ্ব তা ক্রয় করবে।




