নয়াদিল্লি, ২০ আগস্ট : আগামী নভেম্বরে প্রকাশিত হবে সোনিয়া গান্ধীর আত্মজীবনী। বৃহস্পতিবার রাজীব গান্ধীর ৮২–তম জন্মবার্ষিকীতে সেই আত্মজীবনীর প্রচ্ছদ প্রকাশ্যে আনলেন রাজীব ও সোনিয়ার পুত্র রাহুল গান্ধী।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে লিখেছেন, বাবার মৃত্যুর পর আমি দেখেছি তুমি প্রতিটি প্রতিকূলতা সাহস ও মর্যাদার সঙ্গে মোকাবিলা করেছ। তোমার জীবন কতটা কঠিন ছিল, তা শুধু প্রিয়াঙ্কা আর আমিই জানি। আমি গর্বিত যে এখন লক্ষ লক্ষ মানুষ তোমার লড়াইয়ের গল্প পড়তে পারবে। সোনিয়া গান্ধী ব্যক্তিগত জীবনকে অন্তরালে রাখতেই পছন্দ করেন। তাঁর পুরো গল্প বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। আজ বাবার জন্মবার্ষিকীতে, আমি তাঁকে (রাজীব গান্ধী) হাসতে দেখছি, তিনি তাঁর সুন্দরী সোনিয়াকে নিয়ে গর্ববোধ করছেন।
উল্লেখ্য, সোনিয়া গান্ধীর আত্মজীবনী “বিলংগিং: এ জার্নি অফ লাভ” চলতি বছরের ১০ নভেম্বর প্রকাশিত হতে চলেছে। ৫৪৪ পৃষ্ঠার এই বইতে ইটালি থেকে ভারত পর্যন্ত সোনিয়া গান্ধীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার বিস্তারিত বিবরণ রয়েছে।




