নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র যন্তর-মন্তরে আয়োজিত বিক্ষোভকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে এই কমিটি গঠন করেছে।
কমিটিতে রয়েছেন প্রাক্তন বিচারপতি রবীশঙ্কর ঝা, প্রাক্তন বিচারপতি শালিন্দর কৌর, প্রাক্তন সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লা এবং প্রাক্তন ডিজিপি ড. এল আর বিষ্ণোই।
এর আগে ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সিজেপি-র বিক্ষোভকে ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। পুলিশি অত্যাচার থেকে শুরু করে পুলিশকর্মীদের উপর হামলার মতো অভিযোগও তদন্তের আওতায় আনা হবে। আদালত জানিয়েছিল, কমিটিকে ঘটনার প্রকৃত তথ্য অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে রিপোর্ট জমা দিতে বলা হবে, যাতে আদালত পরবর্তী প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে।
আদালতের তরফে জানানো হয়েছে, কমিটিকে প্রয়োজনীয় পরিকাঠামো ও সহযোগিতা দেওয়া হবে। বিক্ষোভকে ঘিরে কোনও অভিযোগ নিয়ে কোনও ব্যক্তি কমিটির সামনে উপস্থিত হলে তাঁর বক্তব্য শোনার এবং নিজের কথা বলার সুযোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে। কমিটির সুপারিশ ও রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে যৌন হয়রানি, অনলাইনে হেনস্থা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্বল শ্রেণির মানুষকে হয়রানির অভিযোগও কমিটি খতিয়ে দেখবে।
এদিকে, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি আবেদনে বিক্ষোভের আড়ালে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত তরুণদের সাত দিনের ‘কমিউনিটি সার্ভিস’-এর মাধ্যমে সতর্ক করার দাবি জানানো হয়েছিল। পাশাপাশি বিক্ষোভের আয়োজকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
উল্লেখ্য, গত মাসে ককরোচ জনতা পার্টি নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যন্তর-মন্তরে ধর্না-বিক্ষোভের আয়োজন করেছিল। সংসদ অভিমুখে ছাত্রদের মিছিলের সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও ওঠে।




