লখনউ, ২৪ আগস্ট : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দুই দিনের উত্তর প্রদেশ সফর করছেন। সোমবার সকালে তিনি লখনউ পৌঁছন। সোমবার ও মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার লখনউতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি 'জেন-জি''-দের সঙ্গেও মতবিনিময় করবেন। উত্তর প্রদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতেও তিনি অংশ নেবেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ দিন বলেন, লখনউ আমার পবিত্র ভূমি। আমি এখানেই শিক্ষা লাভ করেছি। আমরা উত্তর প্রদেশের ভোটারদের কাছে একটি বার্তা দিতে এসেছি। বিশেষ করে আমাদের বুথ লেভেল অফিসাররা, যাঁরা গণতন্ত্রের মূল ভিত্তি, তাঁদের কিছু বিষয় অবহিত করা হবে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও পুরো ব্যবস্থাটি ব্যাখ্যা করার জন্য রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলিতেও কর্মসূচির আয়োজন করা হবে।




